ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক : আক্রান্ত প্রায় ৫ হাজার
- আপডেট সময় : ০৫:২০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ২৮ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ আগস্ট পর্যন্ত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৯ জনে। এ সময়ে হামে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় হামে আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার ২৭ আগস্ট সকাল ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৪০৬ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১ হাজার ৪৬১ জন হামের রোগী শনাক্ত ও চিকিৎসা নিয়েছেন।

উপজেলাভিত্তিক তথ্যে আলফাডাঙ্গায় ২৮, বোয়ালমারীতে ২৫, ভাঙ্গায় ১২, চরভদ্রাসনে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর সদরে ৫ জন সন্দেহভাজন হামের রোগীর তথ্য উল্লেখ করা হয়েছে।
এদিকে, হাসপাতালভিত্তিক সর্বশেষ তথ্যে দেখা যায়, ফরিদপুর জেনারেল হাসপাতালে ২৩ জন রোগী এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ও পুরোনো মিলিয়ে ৭৫ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২৭ আগস্ট পর্যন্ত ফরিদপুর জেলায় নতুন করে ২৪ জন সন্দেহভাজন রোগীর মধ্যে ২০ জন ফরিদপুর জেলার এবং ৪ জন অন্য জেলার বাসিন্দা। স্বাস্থ্য বিভাগ হামের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।




















