ফরিদপুরে ভ্রাম্যমাণভাবে বিক্রি হচ্ছে ফল ও ফুলের চারা
- আপডেট সময় : ০৩:৩৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ৯৪ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ভ্রাম্যমাণভাবে ফুল ও ফলের গাছ বিক্রির কার্যক্রম। আগে এসব গাছ মূলত ভ্যানে করে বিক্রি করা হলেও বর্তমানে মিনি পিকআপে সাজিয়ে বিভিন্ন ধরনের গাছ বিক্রি করতে দেখা যাচ্ছে। এতে একদিকে যেমন শহরের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে গাছপ্রেমীরাও সহজেই পছন্দের গাছ সংগ্রহের সুযোগ পাচ্ছেন। আজ সোমবার ২৫ মে দুপুরে ফরিদপুর শহরের আলিপুর মোড়ে দেখা যায়, একটি মিনি পিকআপে করে নানা ধরনের ফুল, ফল ও শৌখিন গাছের চারা বিক্রি করছেন মোঃ রোশন নামের এক বিক্রেতা। পিকআপজুড়ে সাজানো ছিল বিভিন্ন প্রজাতির গোলাপ, ক্যাকটাস, বনসাই, ঝাউগাছ ও বারোমাসি ফুলগাছ। পাশাপাশি ছিল বিভিন্ন ফলের গাছের চারাও। গাছ বিক্রেতা মোঃ রোশন জানান, তার কাছে বিভিন্ন প্রজাতির গোলাপ গাছ ১৫০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ক্যাকটাসের দাম ১০০ থেকে ৫০০ টাকা, ঝাউগাছ ২০০ টাকা এবং গেলপ্রিনিয়া বারোমাসি ফুলগাছ ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছে। তিনি আরও জানান, তার কাছে ৭ থেকে ৮ ধরনের গোলাপের চারা রয়েছে, যেগুলোর দাম সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ২০০ টাকার মধ্যে।
ফলের গাছের মধ্যে রয়েছে পেয়ারা, মালটা, কমলা, সফেদা, পেঁপে ও করমচাসহ নানা ধরনের চারা। এছাড়াও ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের বনসাই ও শৌখিন ক্যাকটাসও বিক্রি করা হচ্ছে। স্থানীয় কয়েকজন ক্রেতা জানান, বর্তমানে মানুষ ঘরবাড়ির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষায়ও গাছ লাগানোর প্রতি আগ্রহী হয়ে উঠছেন। ফলে এ ধরনের ভ্রাম্যমাণ গাছের দোকান সাধারণ মানুষের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। তবে বিক্রেতা মোঃ রোশন আক্ষেপ করে বলেন, শহরে বর্তমানে লোকসমাগম কিছুটা কম থাকায় প্রত্যাশা অনুযায়ী বিক্রি হচ্ছে না। এরপরও প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তিনি এসব গাছ বিক্রি করে থাকেন।




















