ট্রেন্ডিং :
ফরিদপুরে প্রতিমা সরানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ : নারীসহ আহত ১০
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১০:০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গায় প্রতিমা বিসর্জনের সময় রাস্তা থেকে প্রতিমা সরানো নিয়ে পাশাপাশি দুটি পূজামণ্ডপের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
গতকাল বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে ভাঙ্গা পৌরসভার দুধবাজার এলাকার কুমার নদের ঘাটে এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উক্ত ঘটনাটি ভাঙ্গায় কুমার নদের ঘাটে দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়াকে কেন্দ্র করে রাস্তা থেকে প্রতিমা সরানো নিয়ে ভাঙ্গা বাজার চালপট্টি হরিমন্দির যুব সংঘ ও কুমারপট্টি তরুণ সংঘের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

উভয় পক্ষের বাকবিতণ্ডার একপর্যায়ে তরুণ সংঘের লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা চালালে হরিমন্দির পক্ষের সভাপতি ও নারী সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছেন এবং আহত পক্ষ সুষ্ঠু বিচার দাবি করেছে।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিমল চন্দ্র দাস ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে স্থানীয়ভাবে তা সমাধানের চেষ্টা চলছে বলে জানান। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।




















