ট্রেন্ডিং :
ফরিদপুরের গোয়ালচামট এলাকায় ভয়াবহ রূপ নিচ্ছে মাদক : রাত হলে প্রকাশ্যে চলে বিক্রি
অনলাইন ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৮:২৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর শহরের গোয়ালচামট খোদাবক্স রোডের ৮ নং ওয়ার্ডে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে মাদকের বিস্তার। স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে গভীর রাত— এমনকি রাতভরও প্রকাশ্যে চলছে মাদক বিক্রি ও সেবনের মতো অপরাধমূলক কর্মকাণ্ড।
বিশেষ করে ওয়াপদা কোয়ার্টার এলাকায় মাঠ, বিল্ডিংয়ের সামনে এবং গলির পর গলিতে বসছে মাদকের আসর। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র প্রকাশ্যে এই ব্যবসা চালিয়ে গেলেও কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়ছে না। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো— কেউ এই মাদক ব্যবসার বিরুদ্ধে কথা বলতে গেলেই তাকে নানা হুমকি, ভয়ভীতি ও সামাজিকভাবে চাপে ফেলার চেষ্টা করা হয়। স্থানীয়দের ভাষ্য, “প্রতিবাদ করলেই শত্রু বানিয়ে ফেলে,” যার কারণে অনেকেই মুখ খুলতে ভয় পান। মাদকের ভয়াল থাবায় ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ ও শিক্ষার্থীরা। বাড়ছে অপরাধ, নষ্ট হচ্ছে সামাজিক পরিবেশ, আর আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। সন্ধ্যার পর পরিবারগুলো সন্তানদের বাইরে পাঠাতে ভয় পাচ্ছে বলেও জানিয়েছেন কয়েকজন অভিভাবক। এলাকাবাসীর প্রশ্ন— কার ইশারায় এত প্রকাশ্যে চলছে এই মাদক বাণিজ্য? কেন নীরব প্রশাসন? কেন প্রভাবশালীদের দৃশ্যমান কোনো ভূমিকা নেই? দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। মাদক শুধু একজন মানুষকে নয়, ধ্বংস করে দেয় পুরো সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে। এখনই কঠোর পদক্ষেপ না নিলে গোয়ালচামটের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।




















