নানা অঙ্গীকার নিয়ে ফরিদপুর পৌরসভা নির্বাচনে মাঠে কে এম নাজমুল
- আপডেট সময় : ০৯:০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী কে এম নাজমুল ইসলাম নানা অঙ্গীকার নিয়ে মাঠে রয়েছেন। পাশাপাশি
শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নাগরিক সেবাকে গুরুত্ব দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। দল-মত নির্বিশেষে পৌরবাসীর পাশে থেকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ শহর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
তার নির্বাচনী প্রচার বার্তায় বলা হয়েছে, “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন—আমিই আপনার আপনজন। দল-মত নির্বিশেষে, সেবাই আমার পরিচয়।” এ স্লোগানের মাধ্যমে তিনি পৌরবাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি তুলে ধরেছেন।
কে এম নাজমুল ইসলামের প্রচারে বিশেষ গুরুত্ব পেয়েছে মাদকবিরোধী কার্যক্রম।
মাদকের অন্ধকার থেকে তরুণ সমাজকে রক্ষা এবং শহরের স্বাভাবিক ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। তার প্রচার বার্তায় বলা হয়েছে, “মাদকের অন্ধকার হটাও, শহরের আলোয় প্রাণ ফেরাও।”
এছাড়া পৌর এলাকার পরিচ্ছন্নতা, সড়ক নিরাপত্তা এবং নাগরিকদের চলাচলের উপযোগী নিরাপদ পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকারও তুলে ধরা হয়েছে। পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলাকে তিনি তার অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে প্রচার করছেন।
নির্বাচনী প্রচারে পৌরবাসীর উদ্দেশে কে এম নাজমুল ইসলাম বলেন, “পরিচ্ছন্ন শহর, নিরাপদ পথ—এটাই আমার অঙ্গীকার।” একই সঙ্গে পৌরবাসীর প্রত্যক্ষ সহযোগিতা ও সমর্থন কামনা করে তাকে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
তার প্রচার সামগ্রীতে আরও বলা হয়েছে, “আপনার একটি ভোট ফরিদপুরকে বদলে দেবে।” এ আহ্বানের মাধ্যমে তিনি ভোটারদের কাছে তার নির্বাচনী অঙ্গীকার তুলে ধরছেন।




















