মোশাররফের সম্পদ ফ্রিজ, সহযোগীরা চাপে—তবু আলোচনায় প্রধান সহযোগী সিদ্দিকুর
দুদক-মামলা, মানিলন্ডারিং ও দখল অভিযোগে প্রশ্নের মুখে প্রভাবশালী ব্যবসায়ী
- আপডেট সময় : ০৪:৫৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ১৩০ , ০৪ বার পড়া হয়েছে
দুর্নীতির অভিযোগে আদালতের নির্দেশে ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের ৮৭টি এফডিআরসহ শতাধিক ব্যাংক হিসাব ফ্রিজ হওয়ার ঘটনায় যখন তার ঘনিষ্ঠদের অনেকে কারাগারে বা আত্মগোপনে, তখন আলোচনায় উঠে এসেছে তার কথিত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানের নাম।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা যায়, প্রায় ১৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সিদ্দিকুর রহমান (৪৫) ও তার স্ত্রী মুসরীন আক্তারের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করা হয়েছে। ২০২৪ সালের ১ জানুয়ারি দুদকের ততকালীন উপপরিচালক রেজাউল করিম ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করেন।
মামলার এজাহার অনুযায়ী, সিদ্দিকুর রহমানের নামে ১১ কোটি ৫৪ লাখ ২৭ হাজার ১৯৫ টাকা এবং তার স্ত্রী মুসরীন আক্তারের নামে ২ কোটি ৩৫ লাখ ৪১ হাজার ১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। এজাহারে উল্লেখ করা হয়, তার স্ত্রী গৃহিণী হওয়া সত্ত্বেও তার নামে বিপুল সম্পদের উৎস পাওয়া যায়নি এবং স্বামীর সহায়তায় এসব সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
এদিকে, ২০২৩ সালের ৯ আগস্ট ফরিদপুর কোতোয়ালি থানায় সিদ্দিকুর রহমানকে প্রধান আসামি করে ১০০ কোটি ৫২ লাখ ৭৬ হাজার টাকা পাচারের অভিযোগে একটি মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফরিদপুর সিআইডির তৎকালীন পরিদর্শক নাসিরউদ্দিন ৯ আগষ্ট ২০২৩ মামলাটি করেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪(২) ধারায় দায়ের করা এ মামলার নম্বর ২৮/২৩।
এছাড়াও সিআইডির ঢাকার কাফরুল থানায় ২৬ জুন ২০২০ সালের করা আলোচিত দুই হাজার পাঁচশত কোটি টাকা পাচার মামলার অন্যতম আসামী এই ছিদ্দিকুর রহমান। নানা সময়ে চাঁদাবাজি সহ আরও অনেক গুলো মামলা হয়েছিল তার বিরুদ্ধে। চাঁদাবাজি মামলায় ১৬৪ ধারায় জবানবন্দিতে দ্বায় স্বীকার করার পরেও লবি ও প্রভাব খাটিয়ে মামলা গায়ের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে।
অভিযোগের বিস্তার:
সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে, ঠিকাদারি কাজ থেকে কমিশন আদায়, বিভিন্ন বাণিজ্যিক স্পট নিয়ন্ত্রণ এবং স্থানীয় ব্যবসা খাতে প্রভাব বিস্তারের মাধ্যমে বিপুল অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে। এছাড়া বালু-পাথর ব্যবসা, ঘাট ও হাট নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতে আধিপত্য বিস্তারের কথাও বিভিন্ন মহলে আলোচিত।
অন্যদিকে, ফরিদপুর সদর উপজেলার অম্বিকাচরণ ইউনিয়নের দক্ষিণ চরমাধবদিয়া মৌজার তালতাল এলাকায় তিন ফসলি জমি দখল করে ইটভাটা স্থাপনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।
আরেক ভুক্তভোগী অভিযোগ করেন, তার জমিতে নির্মাণকাজ করতে গেলে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয় এবং পরবর্তীতে হামলা ও মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। তিনি আরও দাবি করেন, তার নির্মাণাধীন স্থাপনা ভেঙে ফেলা হয়েছে এবং বিচার পেতে তিনি বিভিন্ন জায়গায় ধর্না দিয়েও প্রতিকার পাননি।
তবে এসব অভিযোগের বিষয়ে সিদ্দিকুর রহমান বা সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
বর্তমান প্রেক্ষাপট:
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, প্রভাবশালী রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিদ্দিকুর রহমানের অবস্থান ও প্রভাব নিয়ে নানা প্রশ্ন উঠছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনী বলছে, দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
📌 মূল তথ্য এক নজরে:
দুদকের ২টি মামলা: প্রায় ১৪ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ
সিআইডির মামলা: ২৫০০ ও ১০০ কোটি টাকার বেশি অর্থপাচারের অভিযোগ
অভিযোগ: কমিশন বাণিজ্য, দখল, চাঁদাবাজি
ভুক্তভোগীদের অভিযোগ: জমি দখল ও হয়রানি
বর্তমান অবস্থা: তদন্ত চলমান




















