ট্রেন্ডিং :
দাওয়াত না পাওয়ার ‘শাস্তি’ পাচ্ছে ৩০ শিশু : মাতবরের ক্ষোভে বন্ধ স্কুলের পথ!
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৩:৫২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৫৩ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের সদরপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের অনুষ্ঠানে স্থানীয় এক মাতবরকে আমন্ত্রণ না জানানোর জেরে নজিরবিহীন ঘটনা ঘটেছে। ক্ষুব্ধ ওই মাতবরের প্রভাবে একটি গ্রামের প্রায় ৩০ জন শিক্ষার্থীর বিদ্যালয়ে আসা বন্ধ হয়ে গেছে। এর ফলে বিদ্যালয়টির স্বাভাবিক পাঠদান প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের চর চাঁদপুর কোলচুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠান হঠাৎ করে উদ্বোধনের বিষয়টি জানানোয় স্থানীয় কাউকে দাওয়াত দেওয়ার সুযোগ হয়নি। কিন্তু এতে ক্ষুব্ধ হন ভাষাণচর ইউনিয়নের নছর উদ্দিন খার ডাঙ্গী গ্রামের বাসিন্দা ও স্থানীয় মাতবর হিসেবে পরিচিত কামরুল হাসান। অভিযোগ উঠেছে, অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে তিনি ক্ষিপ্ত হয়ে স্থানীয় অভিভাবকদের নিয়ে একটি সভা করেন এবং সন্তানদের এই বিদ্যালয় থেকে সরিয়ে অন্য স্কুলে ভর্তি করার নির্দেশ দেন।
১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টিতে বর্তমানে ১০৭ জন শিক্ষার্থী রয়েছে। নতুন ভবন উদ্বোধনের আগে যেখানে নিয়মিত ৬৫ থেকে ৭০ জন শিক্ষার্থী উপস্থিত থাকত, সেখানে গত কয়েকদিন ধরে উপস্থিতি কমে মাত্র ২৫ থেকে ৩০ জনে নেমে এসেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, মাতবর কামরুল হাসানের প্রভাবের কারণে তারা সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে সাহস পাচ্ছেন না। ইতিমধ্যে গত ১ অক্টোবর (বৃহস্পতিবার) ৫-৬ জন শিক্ষার্থী বিদ্যালয় থেকে টিসি (ছাড়পত্র) নিয়েছে। পার্শ্ববর্তী চর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভগিরত সাহা জানান, ওই বিদ্যালয়ের প্রায় ২৫ থেকে ২৭ জন শিক্ষার্থী তাদের অভিভাবকদের সঙ্গে এসে নতুন করে ভর্তির চেষ্টা চালাচ্ছে, তবে টিসি না থাকায় তাদের এখনও ভর্তি করা হয়নি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কামরুল হাসান সমস্ত দাবি অস্বীকার করে বলেন, “আমার বাড়ি ওই এলাকায় হলেও সরকারি চাকরির সুবাদে আমি ফরিদপুর শহরে থাকি। ওই বিদ্যালয়ে পড়াশোনা ভালো হয় না বলেই হয়তো অভিভাবকেরা সন্তানদের অন্য স্কুলে ভর্তি করতে চাইছেন। বছরের শেষে এসে হঠাৎ টিসি নেওয়ার পেছনে আমার হাত রয়েছে বলে যারা প্রচার করছে, তারা শত্রুতা বশত করছে।”
ভাষাণচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কাওসার জানান, একটি নির্দিষ্ট গ্রামের শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে না—এমন তথ্য তিনি জেনেছেন এবং বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।
সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মামুনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি তাকে অবহিত করেছেন। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনতে এবং অচলাবস্থা নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।




















