ট্রেন্ডিং :
ঢাকা যাওয়ার পথে ভাঙ্গায় প্রাণ হারালেন নড়াইলের সাংবাদিক কাজী আশরাফ
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৯:০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাজী আশরাফ (৪৫) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। এই ঘটনায় মাহমুদুল হাসান অনিক (৩৫) নামে মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।
গতকাল রোববার ১৩ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত কাজী আশরাফ দৈনিক ভোরের দর্পণ পত্রিকার নড়াইলের লোহাগড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নড়াইল থেকে মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন আশরাফ ও অনিক। পথে মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর ভাঙ্গা হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে স্থানীয় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কাজী আশরাফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) প্রেরণের পরামর্শ দেন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি আটক করে থানায় নেওয়া হয়েছে, তবে বাসের চালক পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে সাংবাদিক কাজী আশরাফের এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভাঙ্গা সিটি পরিবার। এক শোকবার্তায় ভাঙ্গা সিটি পরিবারের পক্ষ থেকে নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।





















