ঝুঁকিতে বামুন্দি বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয় : বৃষ্টিতে ভিজে যায় শিক্ষার্থীদের বই-খাতা
- আপডেট সময় : ০৪:৩৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৪৮ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের মধুখালী উপজেলার বামুন্দি বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়ে চরম ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ পরিবেশে চলছে পাঠদান কার্যক্রম। বিদ্যালয়ের শ্রেণিকক্ষের দরজা-জানালা ও টিনশেডের বেহাল অবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই কক্ষের ভেতরে পানি ঢুকে পড়ে। এতে শিক্ষার্থীদের বই-খাতা ভিজে নষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের আতঙ্কের মধ্যেই ক্লাস করতে হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষের অবকাঠামো অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। জানালার কাঠ ভেঙে পড়েছে, অধিকাংশ দরজা প্রায় অকার্যকর এবং টিনশেডের চাল জরাজীর্ণ হয়ে গেছে। আকাশে মেঘ জমলেই শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। বৃষ্টি শুরু হলেই শ্রেণিকক্ষের ভেতরে পানি পড়ে, ফলে পাঠদান ব্যাহত হয় এবং শিক্ষার্থীরা বই-খাতা রক্ষায় ব্যস্ত হয়ে পড়ে।
বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, বৃষ্টি হলে ঠিকমতো ক্লাস করা যায় না। বেঞ্চ ও বই-খাতা ভিজে নষ্ট হয়ে যায়। দ্রুত জরাজীর্ণ শ্রেণিকক্ষগুলো মেরামতের দাবি জানায় সে।

দশম শ্রেণির শিক্ষার্থী গুলশান আরা বলেন, “ভাঙা টিনের চাল দিয়ে বৃষ্টির পানি পড়ে আমাদের বই-খাতা ভিজে যায়। বর্ষার দিনে ক্লাসে বসার মতো পরিবেশ থাকে না। এছাড়া বিদ্যালয়ের একমাত্র টয়লেটটিও ব্যবহার অনুপযোগী। আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিদ্যালয়টি সংস্কারের উদ্যোগ নিক।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিশ্বজিৎ কুমার বিশ্বাস বলেন, “দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বিদ্যালয়ের অবকাঠামো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষার্থীদের নিয়ে আমরা মারাত্মক ঝুঁকির মধ্যে আছি। নানা সমস্যার কারণে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত শ্রেণিকক্ষগুলো সংস্কার করে পাঠদানের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।”
এদিকে স্থানীয় অভিভাবকরাও সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে জরাজীর্ণ ভবনের দ্রুত সংস্কার প্রয়োজন। কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা এবং স্বাভাবিক পাঠদান নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।





















