ঘরে মিলল স্ত্রীর মরদেহ: উধাও স্বামী
- আপডেট সময় : ০৪:৩৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৬৩ , ০৪ বার পড়া হয়েছে
নিহতের পরিবারের দাবি, সুমাইয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
ফরিদপুরের আলফাডাঙ্গায় নিজ বসতঘর থেকে সুমাইয়া শিমু (২৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই তার স্বামী মো. জসীম কাজী পলাতক রয়েছেন। নিহতের পরিবারের দাবি, সুমাইয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার ৩১ জুলাই সন্ধ্যায় নিজ ঘরের ভেতর সুমাইয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। তবে রহস্যজনকভাবে ঘটনার পর থেকেই সুমাইয়ার স্বামী কাঠমিস্ত্রি জসীম কাজী ও তার পরিবারের অন্য সদস্যরা ঘরে তালা দিয়ে গা-ঢাকা দিয়েছেন। খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের মা হাবিবা বেগম ও পরিবারের সদস্যদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে সুমাইয়াকে প্রায়ই নির্যাতন করা হতো। গতকালও তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয় এবং জসীম ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। পরিবারের দাবি, সুমাইয়াকে শ্বাসরোধ বা অন্য কোনো উপায়ে হত্যার পর ঘটনাটি ভিন্ন খাতে মোড় নিতে মরদেহ ঝুলিয়ে রেখে স্বামী পালিয়েছেন।




















