এমপি গোলাম রসুলের বাড়িতে হামলা : তীব্র নিন্দা জানালেন এমপি ড. ইলিয়াস মোল্লা
- আপডেট সময় : ০৯:১৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সম্পর্ক একটা পোস্টে তিনি বলেন একটি মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভের একপর্যায়ে হামলাকারীরা অধ্যাপক গোলাম রসুলের বাসভবনের গেট ভাঙার চেষ্টা এবং জানালার কাঁচ ভাঙচুর করেছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ সময় তিনি লেখেন শিক্ষার্থীর প্রতি অন্যায় আচরণের অভিযোগ অবশ্যই গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে এবং শিশু নির্যাতনের কোনো অভিযোগ ধামাচাপা দেওয়ার সুযোগ নেই। একই সঙ্গে ওই অভিযোগকে কেন্দ্র করে একজন সংসদ সদস্যের বাড়িতে সংঘবদ্ধ হামলা চালানো কোনোভাবেই বৈধ প্রতিবাদের ভাষা হতে পারে না। একটি অন্যায়ের প্রতিকার আরেকটি অন্যায় দিয়ে হতে পারে না।
তিনি উল্লেখ করেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষের বক্তব্য শুনেছে এবং সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে। তিনি হামলার পরিকল্পনাকারী, উসকানিদাতা ও সরাসরি অংশগ্রহণকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি শিক্ষার্থীকে মারধরের মূল অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানান।
প্রফেসর ড. ইলিয়াস মোল্লা বলেন, দেশের কোনো নাগরিক বা জন প্রতিনিধিকে মবের কাছে জিম্মি হতে দেওয়া যায় না। মতভেদ, অভিযোগ ও ক্ষোভের সমাধান আইন ও ন্যায়বিচারের মাধ্যমে হওয়া উচিত; হামলা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নয়। মবতন্ত্রকে প্রশ্রয় দেওয়া হলে শেষ পর্যন্ত কারও নিরাপত্তাই নিশ্চিত থাকবে না বলেও তিনি মন্তব্য করেন।





















