আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ফরিদপুরে সচেতনতামূলক আলোচনা সভা
- আপডেট সময় : ০৩:৪৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ফরিদপুরের আয়োজনে ইনস্টিটিউটের মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশ নেন।
‘সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি প্রতিরোধের বিকল্প নেই’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ বাবলু কুমার সূত্রধর। প্রধান আলোচক ছিলেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা।

আলোচনায় তথ্য অধিকার আইনের আওতায় তথ্য পাওয়ার আবেদন, আপিল, তথ্য কমিশনে অভিযোগ দায়ের এবং তথ্য প্রকাশের বিধিবিধান তুলে ধরা হয়। বক্তারা বলেন, স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বাড়ানো জরুরি।
অনুষ্ঠানে সনাক সদস্য মো. মাহবুবুর রহমান, অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, ইনস্টিটিউটের উপাধ্যক্ষ আব্দুল কাদের সরদার এবং সনাকের সহসভাপতি মনোয়ারা মোর্শেদা চৌধুরী বক্তব্য দেন। এ সময় সনাক, ইয়েস ও ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে তথ্য অধিকার আইন বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং তথ্য চেয়ে আবেদন করার নির্ধারিত ‘ক’ ফরম পূরণের নিয়ম হাতে-কলমে শেখানো হয়।




















