ট্রেন্ডিং :
নদ-নদী রক্ষায় ১৭ দফা দাবিতে ফরিদপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:৩৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৯ , ০৪ বার পড়া হয়েছে
নদী দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধসহ দেশের নদ-নদী রক্ষায় ১৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ‘বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন‘-এর ফরিদপুর জেলা কমিটি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের মাধ্যমে এই স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ মুঈদ হোসেন (আরিফ), ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, অবৈধ দখল, শিল্পবর্জ্য ও প্লাস্টিক দূষণ, অপরিকল্পিত ও অবৈধ বালু উত্তোলন, নদীভাঙন এবং তীব্র পানির সংকট দেশের সামগ্রিক পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। ফরিদপুরের ঐতিহ্যবাহী কুমার নদ এই ভয়াবহ বিপর্যয়ের অন্যতম উদাহরণ।
সংগঠনটির পেশকৃত ১৭ দফা দাবির মধ্যে প্রধান কয়েকটি হলো—নদীর অবৈধ দখল উচ্ছেদ, পরিকল্পিত নদী খনন ও ড্রেজিং, বিলুপ্তপ্রায় নদী ও খাল পুনঃখনন, অবৈধভাবে বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করা, শিল্পকারখানায় সার্বক্ষণিক ইটিপি (বর্জ্য পরিশোধনাগার) চালু রাখা এবং নদীভাঙন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ।
এ ছাড়া অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা, নদীবন্দর পুনর্গঠন, নদীর তীরে দেশীয় প্রজাতির বৃক্ষরোপণ, জলজ প্রাণীর নিরাপদ অভয়াশ্রম প্রতিষ্ঠা, নদীদূষণ রোধে কঠোর আইন প্রয়োগ এবং বন্যাকবলিত এলাকায় আগাম সতর্কীকরণ ব্যবস্থা জোরদার করার জোর দাবি জানানো হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই ১৭ দফা দাবি বাস্তবায়িত হলে দেশের নদ-নদী, জলজ পরিবেশ এবং মৎস্যসম্পদ রক্ষায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে দ্রুত প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।



















