মেডিকেল কলেজ হাসপাতালে অটো-রিকশার দৌরাত্ম্য : প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন
- আপডেট সময় : ০৮:০৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে
মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে অটো ও রিকশার অবাধ চলাচল ও অবস্থানের কারণে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ও শৃঙ্খলা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রোগী ও স্বজনদের চলাচলের জায়গায় এসব যানবাহনের ভিড়ে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে ভোগান্তি।
অভিযোগ রয়েছে, হাসপাতালের ভেতরে নির্দিষ্ট নিয়ম না মেনে অটো ও রিকশা প্রবেশ এবং দীর্ঘ সময় অবস্থান করলেও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে জরুরি রোগী পরিবহনসহ অ্যাম্বুলেন্স চলাচলেও বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হচ্ছে।

স্থানীয়দের আরও অভিযোগ, হাসপাতালের ভেতরে অটো-রিকশা চলাচল বন্ধ বা নিয়ন্ত্রণ না করার পেছনে সংশ্লিষ্টদের সঙ্গে চালকদের গোপন মাসোহারা লেনদেনের বিষয়টি রয়েছে। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
রোগী ও স্বজনদের দাবি, হাসপাতাল একটি চিকিৎসাসেবা কেন্দ্র হওয়ায় এর ভেতরে যানবাহনের অবাধ চলাচল কোনোভাবেই কাম্য নয়। হাসপাতাল প্রশাসনের উচিত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং হাসপাতাল প্রাঙ্গণে যানবাহন চলাচলের জন্য সুস্পষ্ট নিয়ম ও নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা।



















