ট্রেন্ডিং :
ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:৩৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১৮ , ০৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও নারী জাগরণের অগ্রদূত কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শাখার সভাপতি প্রফেসর শিপ্রা রায়ের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ডিউবী শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হোসনেআরা খানম।
স্মরণসভায় বক্তারা কবি সুফিয়া কামালের বর্ণাঢ্য জীবন, মানবিক দর্শন, কালজয়ী সাহিত্যকর্ম এবং বাংলাদেশের নারী মুক্তি আন্দোলনে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, একটি অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ গঠন এবং নারী অধিকার প্রতিষ্ঠায় কবি সুফিয়া কামালের আপসহীন সংগ্রাম ও অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ধারণ করেই নারীদের এগিয়ে যেতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা শাখার সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট জেসমিন কবির, আন্দোলন সম্পাদক আনোয়ারা বেগম, লিগ্যাল এইড সম্পাদক রুবিয়া মিল্লাত, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রাসিন’-এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, নারী উদ্যোক্তা ফারজানা মোর্শেদা মিতা, কার্যকরী কমিটির সদস্য রুমা সাহা, মনোয়ারা মোর্শেদা চৌধুরী এবং সাধারণ সদস্য শিউলি।
এ সময় বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রোগ্রাম এক্সিকিউটিভ প্রসেনজিৎ বিশ্বাসসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।




















