মধুখালী মহিলা পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা
- আপডেট সময় : ০৪:৫৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে
‘ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসি, সবাই মিলে নিরাপদে বাঁচি’—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় মধুখালী আব্দুল কাদের মেমোরিয়াল হাসপাতালের হলরুমে বাংলাদেশ মহিলা পরিষদের উপ-স্বাস্থ্য পরিষদ, মধুখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মধুখালী উপজেলা মহিলা পরিষদের সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামসুন্নাহার। এতে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চিকিৎসক ডা. শাপলা কুন্ডু।
এ সময় লিগ্যাল এইড সম্পাদক মোশের্দা আক্তার মিনা, সাংগঠনিক সম্পাদক শুকলা ভৌমিক, আন্দোলন সম্পাদক মিলি ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক রেশমা আক্তার, প্রোগ্রাম এক্সিকিউটিভ জেসমিন ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।



















