‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ফাঁসের জের : জামায়াত থেকে এমপি গাজী নজরুল বহিষ্কৃত
- আপডেট সময় : ০৫:২২:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৬২ , ০৪ বার পড়া হয়েছে
নৈতিক স্খলনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
আজ বুধবার ২২ জুলাই বিকেল ৪টায় রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমীর ডা. শফিকুর রহমান এমপি। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে দলটির পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দাবি করা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে তার বহিষ্কারের বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, বহিষ্কারের সিদ্ধান্তটি জামায়াতে ইসলামীর নিজস্ব সাংগঠনিক তদন্তের ভিত্তিতে নেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।




















