ট্রেন্ডিং :
বোয়ালমারীতে বাজারের আধিপত্য নিয়ে ৭ ঘণ্টাব্যাপী সংঘর্ষ : আহত অন্তত ৩০
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৮:০৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ২৮ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের বোয়ালমারী ও সালথা উপজেলার সীমান্তবর্তী ময়েনদিয়া বাজারের নিয়ন্ত্রণ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ভয়াবহ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার ময়েনদিয়া বাজারে হামলার পর রবিবার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া ব্রিজ এলাকায় বিকেল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে এই রণক্ষেত্রে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পরমেশ্বরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর এবং সালথার খাড়দিয়া গ্রামের মুশফিক বিল্লাহ জিহাদের সমর্থকদের মধ্যে ময়েনদিয়া বাজারের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এই উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এর ধারাবাহিকতায় বাজারে চাঁদা দাবি ও সাধারণ ব্যবসায়ীদের মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।

বিকেলে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধুলজোড়া ব্রিজ এলাকায় দুই পক্ষের শত শত মানুষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ একপর্যায়ে পার্শ্ববর্তী ৪-৫টি গ্রামে ছড়িয়ে পড়ে এবং বাড়িঘরে হামলা ও মালামাল লুটের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগের হামলার ঘটনায় ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। বর্তমানে নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় বিপুলসংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং সার্বিক পরিস্থিতি এখন শান্ত রয়েছে।




















