ফরিদপুরে বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ২
- আপডেট সময় : ০৫:৩৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর সদর উপজেলার কোতয়ালি থানাধীন রঘুনন্দনপুর গ্রামে অভিযান চালিয়ে ৫৩ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফরিদপুর। আজ সোমবার ৩ আগস্ট বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল রঘুনন্দনপুর গ্রামে অভিযান চালায়।
অভিযানকালে ভারতী রানী দাস (৪০)-এর নিজ বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৪৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। একই সময়ে আশেক মোল্লা (৩০)-এর হেফাজত থেকে আরও ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় মোট ৫৩ লিটার চোলাই মদ জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকেই ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফরিদপুরের ‘ক’ সার্কেলের পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।




















