ফরিদপুরে নবজাতকের মৃত্যু :: নার্সদের অবহেলার অভিযোগে থানায় লিখিত অভিযোগ
- আপডেট সময় : ০৪:৫০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৩ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে বেসরকারি সাউদার্ন জেনারেল হাসপাতালে প্রসবের সময় এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে নার্সদের অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নবজাতকের বাবা ফরহাদ হোসেন। সোমবার (২৩ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, প্রসূতির শারীরিক জটিলতার কারণে পরিস্থিতির অবনতি হয়ে থাকতে পারে। তবে নবজাতকের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে নয় মাসের অন্তঃসত্ত্বা কাকলি আক্তারকে সিজারিয়ান অপারেশনের জন্য ফরিদপুর সাউদার্ন জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তাঁর পানি ভেঙে যাওয়ায় শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল বলে দাবি স্বজনদের।
তাঁদের অভিযোগ, প্রসূতির শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে হুইলচেয়ারে করে অপারেশন থিয়েটারে নেওয়ার অনুরোধ করা হলেও দায়িত্বে থাকা নার্সরা তা উপেক্ষা করেন। একপর্যায়ে তাঁকে হেঁটে অপারেশন থিয়েটারে যেতে বাধ্য করা হয়।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে চিকিৎসক অপারেশন থিয়েটারে পৌঁছালে কাকলিকে সেখানে নেওয়ার সময় তিনি মাথা ঘুরে মেঝেতে পড়ে যান। পরে তাঁর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব করানো হলেও নবজাতককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এদিকে, মৃত নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন ও রক্ত জমাট বাঁধা অবস্থায় দেখা গেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে তারা জানায়, কাকলি আক্তারের এটি ছিল তৃতীয় সিজারিয়ান অপারেশন। এ ছাড়া তাঁর শারীরিক ওজন বেশি ছিল এবং তিনি হেপাটাইটিস-বিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। এসব জটিলতার কারণেই পরিস্থিতির অবনতি হয়ে থাকতে পারে বলে দাবি কর্তৃপক্ষের।
পরে নবজাতকের বাবা ফরহাদ হোসেন বাদী হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় নবজাতকের মৃত্যুর কারণ নির্ধারণ এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্বজনরা। পুলিশি তদন্ত ও পরবর্তী আইনগত পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন তাঁরা।



















