ফরিদপুরে ছাত্র শক্তির নেতাকে থানার মধ্যে মারধর : ২ এস আই এর বিরুদ্ধে অভিযোগ
- আপডেট সময় : ০৯:৩৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৪২ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে জাতীয় ছাত্র-শক্তি জেলা শাখার আহ্বায়ক শাহেদুল ইসলামকে কোতয়ালি থানার ভিতরে মারধর ও মামলা দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফরিদপুর পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার ১৫ জুন ফরিদপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র সদস্য সচিব সাইফ হাসান খান (সাকিব) লিখিত অভিযোগে উল্লেখ করেন, এক নারী কর্মীর অভিযোগের বিষয়ে কোতয়ালি থানায় জানতে গেলে জাতীয় ছাত্রশক্তির ফরিদপুর জেলা শাখার আহবায়ক শাহেদুল ইসলামকে বেধড়ক মারপিট করে ও মামলা দেওয়ার হুমকি দেয়। অভিযোগে বলা হয়, থানায় উপস্থিত হয়ে সাহেদুল ইসলাম বিষয়টি সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত এস আই হাসান সিকদার ও এস আই পীযূষ কান্তি হালদার তার সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে হাসান সিকদার সাহেদুল ইসলামের গায়ে আঘাত করেন এবং তার হাতে থাকা ওয়াকিটকি দিয়ে শাহেদুলের ঘাড়ে আঘাত করেন এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এছাড়াও অভিযোগে বলা হয়,সাহেদুল ইসলাম মাটিতে পড়ে গেলে পিয়ুষ কান্তি হালদার ও হাসান সিকদার তাকে সজোরে লাথি মারেন এবং টেনে-হিঁচড়ে নিয়ে থানার লোকাবে আটক রাখে। এ সময় তাকে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া এবং ভবিষ্যতে মামলা দিয়ে হয়রানির হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র সদস্য সচিব সাইফ হাসান খান বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত এসআই হাসান শিকদার ও পীযুষ কান্তি হালদারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে জানতে চাইলে তারা বলেন,আমাদের সাথে তার বাকবিতণ্ডা হয়েছে,এছাড়াও এসআই হাসানকে অকি টকি দিয়ে আঘাতের কথা জিজ্ঞাসা করা হলে তিনি তাৎক্ষণিক কলটি কেটে দিয়ে ফোনটি বন্ধ করে রাখেন। অভিযোগের সত্যতা যাচাই ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে পুলিশের ঊর্ধ্বতন কোন কর্মকর্তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।




















