ট্রেন্ডিং :
দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে চা দোকানিকে কুপিয়ে হত্যা
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:২৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৩৭ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রাম্য বিরোধ ও পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তদের হামলায় রবিউল ইসলাম শেখ ওরফে রবি (৫৬) নামে এক চা দোকানি নৃশংসভাবে খুন হয়েছেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। গতকাল
শনিবার ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম উপজেলার বড়ভাগ গ্রামের বাসিন্দা এবং পার্শ্ববর্তী গোপালগঞ্জের কাশিয়ানী সদর বাজারের একজন পরিচিত চা বিক্রেতা ছিলেন।
হামলায় আহতরা হলেন—একই এলাকার মোক্তার বিশ্বাস (৫৫), হৃদয় শেখ (২১) ও লিটন খান (৪০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে মোক্তার বিশ্বাসের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার রাতেও কাশিয়ানী বাজারের দোকান বন্ধ করে রবিউল ইসলাম গ্রামের অন্য তিনজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে আলফাডাঙ্গার মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছানো মাত্রই পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকলে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়। তাকে বাঁচাতে গিয়ে বাকি তিনজনও গুরুতর জখম হন।
এলাকাবাসী জানান, বড়ভাগ গ্রামে দীর্ঘদিন ধরে চলা গ্রাম্য বিরোধের জের ধরে গত ২৬ জুন সুমন শেখ (৩০) নামে এক যুবককে প্রতিপক্ষের লোকজন একইভাবে কুপিয়ে হত্যা করেছিল। নিহত চা দোকানি রবিউল ইসলাম ছিলেন ওই সুমন শেখের আপন চাচা। হামলায় আহত বাকি তিনজনও সুমন হত্যা মামলার বাদী পক্ষের সক্রিয় অনুসারী। সুমন হত্যাকাণ্ডের পর থেকেই দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা চলছিল। স্থানীয়দের ধারণা, আগের ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ ও বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) মাসুদুজ্জামান জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। একজন নিহত ও তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তিনি আরও জানান, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




















