ঝিলটুলীতে মাদকবিরোধী অভিযান :: খাটের নিচে মিলল মাদকের ভান্ডার
- আপডেট সময় : ০৫:৩৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৩২ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে খাটের নিচে লুকিয়ে রাখা ৭৩ বোতল নিষিদ্ধ কোডিনযুক্ত কফ সিরাপ ও নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. ইউনুস ফকির (৫৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) ফরিদপুর কোতোয়ালি থানাধীন দক্ষিণ ঝিলটুলী এলাকার একটি তিনতলা ভবনে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ঝিলটুলী এলাকায় ইউনুস ফকিরের নিজ দখলীয় বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। ভবনটির তৃতীয় তলার একটি শয়নকক্ষে তল্লাশি চালানোর সময় খাটের নিচে রাখা গোলাপি রঙের একটি কাপড়ের ব্যাগের সন্ধান পান অভিযান পরিচালনাকারীরা।
পরে ব্যাগটি খুলে তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ৭৩ বোতল নিষিদ্ধ কোডিনযুক্ত কফ সিরাপ এবং মাদক বিক্রির এক লাখ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধার করা সিরাপের মধ্যে রয়েছে উইনসেরেক্স (WINCEREX) ৩২ বোতল, ফেয়ারডিল (FAIRDYL) ২৪ বোতল এবং কাফ রিলিফ (Kuf Relief) ১৭ বোতল। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৭ হাজার ৩০০ মিলিলিটার বা ৭ দশমিক ৩ লিটার সিরাপ পাওয়া যায়।
গ্রেপ্তার মো. ইউনুস ফকির দক্ষিণ ঝিলটুলী এলাকার মো. তমিজদ্দিন ফকির ও মৃত জোহরা বেগমের ছেলে।
অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও নগদ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে আবাসিক ভবনের শয়নকক্ষের খাটের নিচে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য লুকিয়ে রাখার ঘটনায় স্থানীয় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।



















