হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬
আগামী ১৫ এপ্রিল শুরু, ফরিদপুরে ২০ এপ্রিল
- আপডেট সময় : ০৩:২২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ৪৫ , ০৪ বার পড়া হয়েছে
হাম-রুবেলা রোগ নির্মূলে দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬” শুরু হচ্ছে আগামী ১৫ এপ্রিল। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, প্রথম ধাপে দেশের ১৮টি জেলার উচ্চ সংক্রমণ ও ঝুঁকিপূর্ণ ৩০৩টি উপজেলা এবং ৯টি সিটি করপোরেশন এলাকায় ১৫ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ক্যাম্পেইন চলবে। এসব এলাকায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে।

ফরিদপুর জেলায় এই ক্যাম্পেইন শুরু হবে আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে এবং চলবে ১০ মে ২০২৬ পর্যন্ত। এ সময়ের মধ্যে অভিভাবকদের তাদের শিশুদের টিকা দেওয়ার জন্য নিজ নিজ এলাকার স্বাস্থ্য সহকারী ও সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। দ্বিতীয় ধাপে বাকি সিটি: করপোরেশনগুলোতে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ ধাপে ঢাকা উত্তর ও দক্ষিণ, বরিশাল, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন অন্তর্ভুক্ত থাকবে। এই ধাপ ১৩ মে থেকে ২৪ মে পর্যন্ত চলবে। তৃতীয় ধাপে দেশের সকল জেলা, উপজেলা ও পৌরসভায় ২০ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে দেশের ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। ক্যাম্পেইনের তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার জন্য নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে মাইক্রোপ্ল্যান ডাটা এন্ট্রি এবং টিকা গ্রহণের জন্য নিবন্ধনের নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ আশা করছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬” সফলভাবে সম্পন্ন হবে এবং দেশে হাম-রুবেলা রোগ নির্মূলে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হবে।


























