পুলিশের দ্রুত তৎপরতা
৯ ঘণ্টার অভিযানে অপহৃত শিশু উদ্ধার : আটক ১
- আপডেট সময় : ০৪:১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৪০ , ০৪ বার পড়া হয়েছে
মাগুরায় অপহরণের প্রায় ৯ ঘণ্টার মধ্যে ১৪ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)। এ ঘটনায় মো. রবিউল মোল্যা (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা সদর থানার বরুনাতৈল গ্রামের জারিয়া আক্তার (৩০) গত ৯ আগস্ট বিকেল ৬টার দিকে কান্নারত অবস্থায় মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে অভিযোগ করেন, তার ১৪ বছর বয়সী কন্যাকে অপহরণ করা হয়েছে।
অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার অপহৃত শিশুটিকে উদ্ধারের জন্য মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে দায়িত্ব দেন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান পিপিএমের নির্দেশনায় সিসিআইসি, মাগুরার এসআই (নিঃ) অজয় দাসের নেতৃত্বে পুলিশ সদস্যরা তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করেন।
অভিযানের একপর্যায়ে মাগুরা জেলা ও খুলনা জেলার ডুমুরিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ আগস্ট রাত ৩টার দিকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় কথিত অপহরণকারী রবিউল মোল্যাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তিনি মাগুরা সদর উপজেলার বরুনাতৈল গ্রামের বাদশা মোল্যা ও মমতাজ বেগমের ছেলে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া শিশু ও আটক যুবক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, নারী ও শিশু সংক্রান্ত বিষয়গুলো সর্বোচ্চ সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং জনগণের নিরাপত্তা, মানবাধিকার সুরক্ষা ও অপরাধ দমনে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।





















