ট্রেন্ডিং :
সোমবার সরকারি ইয়াছিন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৯:৪৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১৭ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি ইয়াছিন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ আগামী সোমবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন সকাল সাড়ে ৯টায় কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য এ আয়োজনের পর্দা উঠবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ এবং পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নিখিল রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে থাকবেন উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ নুরুল হুদা।
আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর জাতীয়, কলেজ ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং রোভার স্কাউট, বিএনসিসি ও ক্রীড়াবিদদের আকর্ষণীয় মার্চপাস্ট অনুষ্ঠিত হবে। এরপর অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্য, শান্তির প্রতীক কপোত উড্ডয়ন, মশাল প্রজ্বালন ও ক্রীড়াবিদদের শপথ গ্রহণের মধ্য দিয়ে মূল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানটি সফল করতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন ক্রীড়া বিভাগের আহ্বায়ক ও হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কুদ্দুস।




















