ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের ‘নাইট অপারেশন’
৩টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন :: ১০ ব্যবসায়ীকে সতর্কতা
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৬:২৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ৪ , ০৪ বার পড়া হয়েছে
সরকারি নির্দেশনা বাস্তবায়ন, বিদ্যুতের অপচয় রোধ এবং অবৈধ সংযোগ প্রতিরোধে ফরিদপুরে বিশেষ নৈশ অভিযান বা ‘নাইট অপারেশন’ পরিচালনা করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে সমিতির সদর দপ্তর, জোনাল এবং সাব-জোনাল অফিসের সমন্বয়ে গঠিত চারটি বিশেষ দল জেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালায়।
অভিযান চলাকালে মূলত আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার, সড়কবাতি, অবৈধ অটোরিকশা চার্জিং, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুৎ সংযোগ এবং অটো চার্জিং স্টেশনগুলোর মিটারের অবস্থা নিবিড়ভাবে পরীক্ষা করা হয়।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, অভিযানে সালথা সাব-জোনাল অফিসের আওতাধীন এলাকায় নিয়মবহির্ভূতভাবে ব্যবহৃত তিনটি পার্শ্ব (বাইপাস) সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া সদরপুর সাব-জোনাল অফিসের আওতায় দুটি আবাসিক সংযোগ বাণিজ্যিক কাজে ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলোকে বাণিজ্যিক ট্যারিফে রূপান্তরের প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান ও মার্কেট খোলা রাখায় বিভিন্ন বাজারের ১০টি দোকান ও মার্কেট মালিককে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ জানিয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুৎ সাশ্রয় এবং অবৈধ ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে সরকারি নির্দেশনা অনুযায়ী এ ধরনের নিয়মিত নৈশ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















