ট্রেন্ডিং :
ফরিদপুরে দুই অবৈধ ইটভাটায় অভিযান :: দেড় লাখ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ২৮ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর সদর উপজেলায় পরিবেশগত ছাড়পত্রহীন দুটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ইটভাটা দুটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, সদর উপজেলার মুরারীদাহ (তাম্বুলখানা) এলাকার ‘মেসার্স মন্ডল ট্রেডার্স’-কে ৫০ হাজার টাকা এবং ফতেপুর (শিবরামপুর) এলাকার ‘এফ অ্যান্ড বি ব্রিক্স ইন্ডাস্ট্রিজ’-কে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে উভয় প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানার সম্পূর্ণ অর্থ আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো। প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জিহাদ হোসেন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় ফরিদপুর জেলা আনসার বাহিনীর সদস্যরা সহায়তা করেন।
অভিযান শেষে পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বায়ুদূষণ রোধে জেলার অবৈধ ইটভাটা এবং দূষণকারী কারখানাগুলোর বিরুদ্ধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



















