শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু সুন্দরের রথযাত্রা উৎসব: দুই দিনের পুণ্যলগ্নে সাজছে ফরিদপুর
- আপডেট সময় : ০৪:১৭:২২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৫৩ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের ঐতিহ্যবাহী শ্রীধাম শ্রীঅঙ্গনে আগামী ১৬ জুলাই রথযাত্রা উপলক্ষে (বৃহস্পতিবার) ও ২৪ জুলাই (শুক্রবার) উল্টো রথযাত্রা দুই দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেব রূপী শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু সুন্দরের শুভ রথযাত্রা মহোৎসব-২০২৬ অনুষ্ঠিত হবে।
মহোৎসব উপলক্ষে প্রথম দিন ১৬ জুলাই সকাল ৮টায় শ্রীধাম শ্রীঅঙ্গন থেকে ব্রাহ্মণকান্দা আঙিনা পরিক্রমা করে বর্ণাঢ্য রথযাত্রার শোভাযাত্রা বের হবে।
শোভাযাত্রা শেষে শ্রীঅঙ্গনে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। বিকেল ৪টায় পদাবলী কীর্তন পরিবেশন করবেন ফরিদপুরের শ্রী দিলিপ বিশ্বাস এবং সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে আরতী কীর্তন।
অন্যদিকে উল্টো রথযাত্রা ২৪ জুলাই সকাল ৮টায় ফিরতি রথের বর্ণাঢ্য শোভাযাত্রা শ্রীধাম শ্রীঅঙ্গন থেকে জনতা ব্যাংকের মোড় পরিক্রমা করে পুনরায় শ্রীঅঙ্গনে ফিরে আসবে। শোভাযাত্রা শেষে মহাপ্রসাদ বিতরণ করা হবে। বিকেল ৪টায় কীর্তনমেলা শেষে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যা ৭টায় আরতী কীর্তনের মাধ্যমে মহোৎসবের সমাপ্তি ঘটবে।
মহোৎসব সফল করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক সংগঠন শ্রীযুক্তেশ্বরী দিগম্বরী দেবী সেবা সংঘ, শ্রীধাম শ্রীঅঙ্গন, ফরিদপুর। সংগঠনের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।



















