মাদারীপুর জেলায় ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, কুড়াল ও কাটারসহ গ্রেপ্তার ২
- আপডেট সময় : ০৪:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৪০ , ০৪ বার পড়া হয়েছে
মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী মিরাকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ, চাইনিজ কুড়াল ও লোহার তৈরি কাটারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে সদর থানার মিরাকান্দি এলাকার মজিবর মেম্বারের বাড়ির সামনে পাকা সড়কে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা একটি পিকআপ ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ জানতে পারে।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— হাচিবুল হাসান ওরফে জসিম মোল্লা (৩০), বাড়ি মিরাকান্দি, সালথা, ফরিদপুর এবং মজনু শেখ (৩৫), বাড়ি পশ্চিম গঙ্গাবদ্দী, কোতয়ালি, ফরিদপুর। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি লোহার কাটার এবং একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পলাতক অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।




















