ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৪:৫৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৬৯ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় লামিয়া বেগম (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ১৪ জুলাই বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে উপজেলার চন্দ্রা ইউনিয়নের মালিগ্রাম কারিগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লামিয়া বেগম তার শ্বশুরবাড়ির নির্মাণাধীন দ্বিতল ভবনের নিচতলায় নিজ শয়নকক্ষে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন।
প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কয়েকদিন ধরে মনোমালিন্য চলছিল। এ ঘটনার পর লামিয়া বেগম গলায় ফাঁস দেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে পুলিশ এখনও নিশ্চিত কোনো মন্তব্য করেনি।
নিহতের স্বামী মো. জাবেদ বেপারী বেলা ১২টার দিকে তার শ্বশুর মো. লুৎফার বেপারীকে ফোন করে ঘটনার বিষয়টি জানান। লামিয়া বেগমের সাড়ে তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই মো. সেলিম মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।




















