ট্রেন্ডিং :
মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা
বিয়ের দেড় বছরের মাথায় প্রাণ গেল ফরিদপুরের উজ্জ্বল সিকদারের
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৯:৩২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে
বিয়ের মাত্র দেড় বছর। সুখের সংসার গড়ার স্বপ্ন বুকে নিয়ে আবারও পাড়ি জমিয়েছিলেন চিরচেনা কর্মস্থল মালয়েশিয়ায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এক সড়ক দুর্ঘটনাই কেড়ে নিল তরুণ রেমিট্যান্স যোদ্ধা উজ্জ্বল সিকদারের (২৭) প্রাণ। গত শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা আনুমানিক ৬টায় (মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ৮টা) মালয়েশিয়ার পেরাক রাজ্যের আই টাওয়ার রাজায়তান এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত উজ্জ্বল সিকদার ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাঠিয়ার গট্টি গ্রামের কালাম সিকদারের বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে এসে বিয়ে করেছিলেন উজ্জ্বল। বিয়ের পর কিছুদিন পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটিয়ে সংসারের স্বচ্ছলতা ফেরাতে আবারও মালয়েশিয়ায় তাঁর কর্মস্থলে ফিরে যান।
মালয়েশিয়ায় উজ্জ্বলের সঙ্গে একই কোম্পানিতে কর্মরত তাঁর আত্মীয় আরমান শেখ জানান, শুক্রবার রাতে রাজায়তান এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন উজ্জ্বল এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
উজ্জ্বলের এই আকস্মিক মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছামাত্রই পরিবার, স্বজন এবং পুরো এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে মা-বাবার আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। শোকে স্তব্ধ হয়ে পড়েছেন তাঁর সদ্য বিবাহিতা স্ত্রী।
নিহত উজ্জ্বলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং দাফনের ব্যবস্থা করার জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার ও এলাকাবাসী।




















