ফরিদপুরে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন উৎসব শুরু
- আপডেট সময় : ০৩:৪৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৩৪ , ০৪ বার পড়া হয়েছে
বিশ্ব শান্তি, মানবতার কল্যাণ ও ধর্মীয় সম্প্রীতির প্রত্যাশায় ফরিদপুরে অনুষ্ঠিত হচ্ছে ৮ম বার্ষিক ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন উৎসব।
পূর্ব দাসপাড়া, রঘুনন্দনপুর ও শোভারামপুর এলাকার ভক্তবৃন্দের উদ্যোগে স্বর্গীয় দুলাল চন্দ্র দাসের বাসভবনে সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণ এবং শ্রীঅঙ্গণে এ ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, মহাপ্রভু শ্রীচৈতন্যদেব প্রবর্তিত নাম সংকীর্তনের অনুপ্রেরণায় অশান্তি, দুঃখ-দারিদ্র্য ও অকল্যাণ থেকে মানবমুক্তি, বিশ্বশান্তি, সর্বভূতের কল্যাণ, দেশের মঙ্গল, জ্ঞান ও প্রেমের প্রসার এবং ধর্মীয় চেতনা জাগরণের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও এ মহোৎসবের আয়োজন করা হয়েছে।
উৎসবের অংশ হিসেবে গত ২২ আগস্ট শ্রীশ্রী সত্যনারায়ণ ও শ্রীশ্রী শনিদেবের পূজা অনুষ্ঠিত হয়। ২৩ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন দিনে শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর, রাজবাড়ী, বরিশাল, মাদারীপুর, সাতক্ষীরা ও মাগুরাসহ বিভিন্ন এলাকার পাঠকবৃন্দ অংশ নেন।
আগামী ১ সেপ্টেম্বর মঙ্গলবার অরুণোদয় থেকে ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রজনী-প্রভাত পর্যন্ত ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ৪ সেপ্টেম্বর শুক্রবার অরুণোদয় থেকে শুরু হবে শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন।
৫ সেপ্টেম্বর শনিবার লীলা কীর্তন সমাপনান্তে নগর কীর্তন, কুঞ্জভঙ্গ, মহাপ্রভুর ভোগ আরাধনা ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে।
এছাড়া অষ্টকালীন লীলা কীর্তনে অংশ নেবেন ফরিদপুর, বগুড়াসহ বিভিন্ন এলাকার কীর্তন শিল্পীরা।
আয়োজক কমিটির সভাপতি দীপক দাস ও সাধারণ সম্পাদক কাজল চন্দ্র দাস (পলাশ) জানান, উৎসবের প্রতিটি পর্বে ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করা হয়েছে।





















