ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
- আপডেট সময় : ০৬:৩৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৩৪ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া চারজনই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত জেলায় সরকারি হাসপাতালে ১ হাজার ৬৮২ জন এবং বেসরকারি হাসপাতালে ১১০ জনসহ মোট ১ হাজার ৭৯২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
এ পর্যন্ত ডেঙ্গুতে জেলায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন এবং সাউদার্ন জেনারেল হাসপাতালে একজন মারা গেছেন।
হাসপাতালভিত্তিক তথ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৭৩০ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ৪৭১ জন, মধুখালীতে ১২৫ জন, বোয়ালমারীতে ৯১ জন, ভাঙ্গায় ৮১ জন, নগরকান্দায় ৭৬ জন, চরভদ্রাসনে ৪৮ জন, আলফাডাঙ্গায় ২৯ জন, সদরপুরে ২৮ জন এবং সালথায় ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া বেসরকারি ডায়াবেটিস হাসপাতালে ১১০ জন রোগী শনাক্ত হয়েছেন।
ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।




















