ফরিদপুরে শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন : সর্বোচ্চ শাস্তির দাবি
- আপডেট সময় : ০৭:৪৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৪৭ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নে শিশু আইরিন আক্তার কবিতাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল রবিবার ৩ মে বিকেলে গেরদা ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, শিশু কবিতার হত্যাকাণ্ড একটি অমানবিক ও বর্বর ঘটনা। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে প্রধান অভিযুক্ত ইসরাফিলসহ সকল সহযোগীর ফাঁসি কার্যকরের জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে এমন জঘন্য ঘটনা রোধ করা সম্ভব হবে না। উল্লেখ্য, গত ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) ঘটনার পর কোতয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—ইসরাফিল মৃধা (২৪), শেখ আমিন (১৯) ও নাছিমা বেগম (৪৫)। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত আছে। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জাকারিয়া, গেরদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবলু মাস্টার , বিএনপি নেতা মিলন মেম্বার , দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠন মানুষ মানুষের জন্যর প্রতিষ্ঠাতা জাহিদ ইসলাম ও বাখুন্ডা ব্লাড ব্যাংকের সভাপতি মিয়া রোমান । এ সময় স্থানীয় এলাকাবাসী উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন।



















