ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবসে বিজ্ঞান আন্দোলন মঞ্চের মানববন্ধন
- আপডেট সময় : ০৭:৫৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৯১ , ০৪ বার পড়া হয়েছে
“নদী বাঁচাও, প্রকৃতি বাঁচাও, দেশ বাঁচাও” স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ, ফরিদপুর জেলা শাখা। আজ শুক্রবার ৫ জুন সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অনুপম নন্দী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৌশিক অধিকারী। এ সময় উপস্থিত ছিলেন বিপ্লব রায়, মিফতি ইসলাম, নূর মোহাম্মদ ও মনতোষ বাইনসহ সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা পরিবেশ বিপর্যয়ের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, নদী দখল ও দূষণ প্রতিরোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে। নদী ও প্রকৃতি রক্ষায় ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা আরও বলেন, দেশের নদ-নদী, খাল-বিল ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা না গেলে ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ পরিবেশগত সংকটের মুখোমুখি হতে হবে। তাই পরিবেশ সংরক্ষণে বৈজ্ঞানিক চিন্তা ও যুক্তিনির্ভর পদক্ষেপ গ্রহণের কোনো বিকল্প নেই। এ বিষয়ে সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। এ সময় পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ, পলিথিনের ব্যবহার বর্জন এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার সর্বস্তরে চালুর জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। মানববন্ধন শেষে কর্মসূচির দ্বিতীয় পর্বে সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিজ্ঞান আন্দোলন মঞ্চ, ফরিদপুর জেলা শাখা পরিবেশবান্ধব জীবনযাপন ও প্রকৃতি রক্ষার আন্দোলনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানায়।




















