ট্রেন্ডিং :
ফরিদপুরে প্রায় ৬ লাখ টাকার ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৯:৪৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ২১ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর শহরে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৮৮ হাজার টাকা। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৭০০ টাকাও জব্দ করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার শোভারামপুর এলাকায় এ অভিযান চালায় এসআরবি-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজারের টেকনাফ এলাকার হাসিনা বেগম শ্রাবন্তী (২৭) এবং ফরিদপুরের শোভারামপুর এলাকার শান্তা আক্তার (২৫), জামাল ফকির (৫০) ও শুভ ফকির (২২)।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও এর আশপাশের জেলাগুলোতে সরবরাহ করে আসছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শেষে জব্দকৃত আলামতসহ তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।




















