ট্রেন্ডিং :
ফরিদপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও মেলা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৯:৪৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ২৬ , ০৪ বার পড়া হয়েছে
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, প্রাণিসম্পদ মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় ফরিদপুর গণপূর্ত বিভাগের মাঠে ফিতা কেটে ও স্টল পরিদর্শনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আসজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর।
উদ্বোধন শেষে গণপূর্ত বিভাগের মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়।

পরে শিশু একাডেমির হলরুমে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের দুধ, ডিম ও মাংসের চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ বিদেশে রপ্তানি করতে খামারিদের আরও উদ্যোগী হতে হবে। সরকার খামারিদের বড় পরিসরে খামার গড়ে তুলতে বিনা সুদে অর্থায়ন এবং গবাদিপশু ও হাঁস-মুরগি বিতরণের মতো নানা পদক্ষেপ নিয়েছে। তবে উৎপাদন বৃদ্ধিতে দানাদার খাদ্যের পাশাপাশি পর্যাপ্ত চারণভূমি ও সবুজ ঘাসের চাষ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, ভেটেরিনারি অফিসার ডা. মনমত কুমার সাহা ও ডা. মোজাম্মেল হকসহ স্থানীয় খামারি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভা শেষে মেলায় অংশগ্রহণকারী সেরা খামারি ও স্টল প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




















