ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:৩১:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ৪০ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ রিয়াজুল বেপারী (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কোতয়ালি থানা পুলিশ।
গ্রেপ্তার রিয়াজুল বেপারী ফরিদপুর কোতয়ালি থানার চর টেপাখোলা মুন্সিডাঙ্গী এলাকার মোঃ হযরত বেপারীর ছেলে। তিনি একটি বিকাশ কোম্পানিতে চাকরি করেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে কোতয়ালি থানার এসআই (নিঃ) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে চর টেপাখোলা মুন্সিডাঙ্গী এলাকায় তার নিজ বাড়ি থেকে রিয়াজুল বেপারীকে গ্রেপ্তার করেন।
পুলিশের দাবি, গত ১২ আগস্ট বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে ১৫ আগস্ট উপলক্ষে ধলার মোড় এলাকায় কাউসার মেম্বারের বাড়ির নিকট নদীর ঘাট থেকে নৌকাযোগে পদ্মার চরে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে জয় বাংলা স্লোগান দেওয়া হয় এবং রিয়াজুল বেপারী প্রথম সারিতে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় কোতয়ালি থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





















