ফরিদপুরের সালথা উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
- আপডেট সময় : ১১:২৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৫৪ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে মো. ফারুক শেখ (৫২) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার ১২ জুন সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়ির টিনশেড ঘরের বারান্দায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফারুক শেখের স্ত্রী মোসা. হাফেজা বেগম গৃহস্থালির কাজের জন্য ঘরে প্রবেশ করে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ফাঁসের রশি কেটে তাকে নিচে নামান এবং দ্রুত নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে সালথা থানার এসআই (নিঃ) আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। সালথা থানা পুলিশ জানিয়েছে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।




















