ফরিদপুরের সদরপুর উপজেলায় বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৯:১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৪২ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের সদরপুর উপজেলায় কমেলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ১৪ মে সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৌলডুবী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কমেলা বেগম দক্ষিণ শৌলডুবী গ্রামের মৃত আহম্মেদ খানের স্ত্রী। জানা যায়, প্রতিদিনের মতো ভোরে ফজরের নামাজ আদায় করতে ঘুম থেকে ওঠেন কমেলা বেগম। পরে দীর্ঘ সময় নামাজের ঘরের দরজা বন্ধ থাকায় প্রতিবেশী শিশু সিজান (৭) দরজার ছিদ্র দিয়ে তাকিয়ে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে মৃতার ছেলে মো. নাঈম (২২) দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তার মাকে নামাজের চৌকির পাশে আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। খবর পেয়ে সদরপুর থানার এসআই (নি.) মো. আফজাল সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। সদরপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





















