ফরিদপুরের আলিপুর বান্ধব পল্লী জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৫৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৮০ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের আলিপুরে অবস্থিত আলিপুর বান্ধব পল্লীতে জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় খেলোয়াড়দের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জয়গুরু বন্ধু সুন্দর দল। খেলা শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বান্ধবপল্লীর বাসিন্দা প্রয়াত কিশোর জমাদার-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা অরুণ জমাদার, আবুল জমাদার, প্রদীপ জমাদার, জাবেদ জমাদার ও সুবাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রশান্ত। আয়োজকরা জানান, টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের বয়স ছিল ৬ থেকে ১১ বছরের মধ্যে। শিশু-কিশোরদের অংশগ্রহণে পুরো প্রতিযোগিতাজুড়ে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ফাইনাল খেলায় মুখোমুখি হয় জয়গুরু সৎসঙ্গ ও জয়গুরু বন্ধু সুন্দর দল। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরে অতিরিক্ত সময়েও ফল না আসায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে জয়গুরু বন্ধু সুন্দর দল ২-১ গোলে জয়গুরু সৎসঙ্গ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল ম্যাচে বিজয়ী দলের খেলোয়াড় শ্রীকান্ত ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্যের জন্য গৌরব ম্যান অব দ্য সিরিজের পুরস্কার লাভ করেন। প্রতিটি খেলায় সেরা খেলোয়াড়কে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার প্রদান করা হয়। টুর্নামেন্টের জার্সি স্পন্সর করেন প্রদীপ জমাদার, চ্যাম্পিয়ন ট্রফি স্পন্সর করেন আবুল জমাদার এবং রানারআপ ট্রফি স্পন্সর করেন গঙ্গা জমাদার। খেলাটি পরিচালনা করেন প্রশান্ত, সহযোগিতায় ছিলেন নয়ন ও বিবেক। ফাইনাল খেলা উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হন। পুরুষদের পাশাপাশি নারী দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন।




















