নদীভাঙন রোধে জাতীয় সংসদে সরব এমপি ইলিয়াস মোল্লা
- আপডেট সময় : ০৯:১৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ২৬ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) আসনের বিভিন্ন এলাকায় নদীভাঙনের কারণে সৃষ্ট জনদুর্ভোগ ও ক্ষয়ক্ষতির চিত্র জাতীয় সংসদে তুলে ধরেছেন সংসদ সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা। একই সঙ্গে নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং স্থায়ী সমাধানের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য ইলিয়াস মোল্লা তাঁর নির্বাচনী এলাকার নদীভাঙনকবলিত মানুষের দুর্দশার বিষয়টি তুলে ধরেন।
বক্তব্যে তিনি বলেন, নদীভাঙনের ফলে ইতোমধ্যে বহু মানুষের বসতবাড়ি, মসজিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দীর্ঘদিনের বসতভিটা হারিয়ে অনেক পরিবার এখন নিঃস্ব ও অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। ভাঙন আতঙ্কে দিন পার করছেন নদীতীরবর্তী এলাকার মানুষ। প্রতিনিয়ত নতুন নতুন এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়ছে।
তিনি আরও বলেন, নদীভাঙন শুধু মানুষের ঘরবাড়ি ও জমিজমার ক্ষতি করছে না, এর ফলে এলাকার সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবকাঠামোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক পরিবার নিজেদের শেষ সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
এ সময় তিনি পানি সম্পদমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ফরিদপুর-১ আসনের নদীভাঙন সমস্যাকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ভাঙনপ্রবণ এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে অস্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনীয় জিওব্যাগ ও অন্যান্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদে টেকসই বাঁধ ও নদীশাসন কার্যক্রম গ্রহণের অনুরোধ করেন।
সংসদ সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের বসতভিটা, ধর্মীয় প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় আর দেরি করার সুযোগ নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।
স্থানীয়দের প্রত্যাশা, জাতীয় সংসদে বিষয়টি উত্থাপনের ফলে ফরিদপুর-১ আসনের নদীভাঙন সমস্যার প্রতি সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকৃষ্ট হবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের জানমাল ও বসতভিটা রক্ষায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।




















