চোখের জলে গণেশ প্রতিমা বিসর্জন দিল হিন্দু ছাত্র পরিষদ
- আপডেট সময় : ০৪:৫০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের আয়োজনে চার দিনব্যাপী গণেশ চতুর্থী পূজার সমাপনী হয়েছে গণেশ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। গতকাল শুক্রবার ১৮ সেপ্টেম্বর রাতে মহিম স্কুল মাঠে আয়োজিত পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
বিসর্জনের আগে ভক্তরা গণেশের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। পরে মহিম স্কুল মাঠ থেকে প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের হয়ে শহরের বিসর্জন ঘাটে গিয়ে শেষ হয়। সেখানে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে গণেশ প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ সময় অনেক ভক্তকে আবেগাপ্লুত হয়ে চোখের জলে প্রতিমা বিসর্জন দিতে দেখা যায়।
চার দিনব্যাপী এ আয়োজন উপলক্ষে মহিম স্কুল মাঠে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি ও ফরিদপুর পৌরসভার মেয়র প্রার্থী বেনজীর আহমেদ তাবরিজসহ হিন্দু ছাত্র পরিষদের নেতৃবৃন্দ।
আয়োজকরা সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতার জন্য ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে রাতে গণেশ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে চার দিনব্যাপী গণেশ চতুর্থী উদযাপনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।





















