অবৈধ বিদ্যুৎ ব্যবহারে রেহাই নেই : ফরিদপুরে বিচ্ছিন্ন ৪ সংযোগ
- আপডেট সময় : ১০:০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩৩ , ০৪ বার পড়া হয়েছে
বিদ্যুতের অপচয় ও অবৈধ ব্যবহার প্রতিরোধে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে নাইট অপারেশন পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার (৫ অক্টোবর) রাতে সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় মোট ৯টি টিম এ অভিযান চালায়।
অভিযানে আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে, রাস্তার বাতি, অটো চার্জ, গ্যারেজ ও ফুটপাতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে কি না তা পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও পরিদর্শন করা হয়।

সদরপুর সাব-জোনাল অফিসের আওতাধীন এলাকায় আবাসিক সংযোগের সার্ভিস ড্রপে ছিদ্র করে অটো চার্জ দেওয়ার ঘটনায় একটি মিটার অপসারণ এবং দুটি পার্শ্ব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া সদর দপ্তরের আওতাধীন এলাকায় সেচ সংযোগ থেকে আবাসিক কাজে বিদ্যুৎ ব্যবহারের ঘটনায় একটি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এ সময় রাত ৮টার পর দোকান ও মার্কেট খোলা রাখায় ২৫ জন দোকান ও মার্কেট মালিককে সতর্ক করা হয়, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।




















