অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে ফরিদপুরে অভিযান
- আপডেট সময় : ০৩:৩৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুতের অপচয় রোধে পল্লী বিদ্যুৎ সমিতির রাতের অভিযানে চারটি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া রাত ১০টার পর মার্কেট ও দোকান খোলা রাখায় ১৮ জন মালিককে সতর্ক করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) রাতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের মোট নয়টি দল বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আবাসিক মিটারে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা, রাস্তার বাতি, অটোরিকশা চার্জিং, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুতের ব্যবহার পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও পরিদর্শন করা হয়।
অন্যদিকে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তার আশ্বাস দেওয়া হয়।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আকমল হোসেন জানান, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ, বিদ্যুৎ সাশ্রয় এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।



















