আজ ১লা জুন থেকে জ্বালানি তেলের নতুন দাম
অকটেন, পেট্রোল ও কেরোসিনে লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধি : ডিজেল অপরিবর্তিত
- আপডেট সময় : ০৬:০৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন ঘোষিত মূল্য অনুযায়ী, ১ জুন থেকে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধি পেয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
গতকাল রবিবার ৩১ মে রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জুন মাসের জন্য নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়।
নতুন মূল্য অনুযায়ী—
অকটেনের দাম লিটারপ্রতি ১৪৫ টাকা, যা আগে ছিল ১৪০ টাকা।
পেট্রোলের দাম লিটারপ্রতি ১৪০ টাকা, যা আগে ছিল ১৩৫ টাকা।
কেরোসিনের দাম লিটারপ্রতি ১৩৫ টাকা, যা আগে ছিল ১৩০ টাকা।
ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকাই বহাল রাখা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হচ্ছে। এর ধারাবাহিকতায় জুন মাসের জন্য নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম কার্যকর হওয়ার ফলে ব্যক্তিগত যানবাহন ব্যবহারকারী, মোটরসাইকেল চালক এবং পেট্রোলচালিত পরিবহনের পরিচালন ব্যয় কিছুটা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ডিজেলের দাম অপরিবর্তিত থাকায় পণ্য পরিবহন ও ডিজেলচালিত গণপরিবহনের ওপর তাৎক্ষণিক প্রভাব তুলনামূলক কম হবে বলে ধারণা করা হচ্ছে।
সরকারের এই মূল্য সমন্বয় আজ ১ জুন থেকে কার্যকর হয়েছে।




















