ট্রেন্ডিং :
ফরিদপুরে ইলিশ ধরার অপরাধে ২ জেলের কারাদণ্ড
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৬:০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের সদরপুরে মা-ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে পদ্মা ও আড়িয়াল খাঁ নদে এক বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই দীর্ঘ অভিযানে দুই জেলেকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে নদী থেকে লক্ষাধিক মিটার অবৈধ কারেন্ট জাল এবং বিপুল পরিমাণ ইলিশ মাছ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ ও সদরপুর থানা পুলিশ। উক্ত অভিযান নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার।
দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার চারিপাড়া এলাকার রব মোল্লার ছেলে রমজান মোল্লা (২৫) ও একই উপজেলার সিঙ্গাইরহাটি এলাকার রজব আলী মৃধার ছেলে আলাউদ্দিন (৩০)। এসময় জব্দকৃত অবৈধ সামগ্রী হলো লক্ষাধিক মিটার নিষিদ্ধ কারেন্ট জাল (বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা) এবং বিপুল পরিমাণ মা-ইলিশ।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ২ জেলেকে কারাদণ্ড প্রদান। জব্দ করা জালের একাংশ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত এই নিষেধাজ্ঞা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। মা-ইলিশ রক্ষায় নদ-নদীতে প্রশাসনের এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মা-ইলিশের প্রজনন মৌসুম রক্ষার্থে গত ৮ অক্টোবর থেকে দেশজুড়ে ২২ দিনের জন্য ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয়ের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে সরকার, যা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বলপ্রয়োগে বহাল থাকবে।




















