মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি ইলিয়াস মোল্লা
- আপডেট সময় : ০৫:০০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা আকস্মিকভাবে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে তারা যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাচ্ছেন কি না, সে বিষয়ে সরাসরি খোঁজখবর নেন।
এ সময় হাসপাতালের মেঝে, সিঁড়ি ও বাথরুমের পরিচ্ছন্নতা পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন তিনি। হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা দেখতে পেয়ে পরিচ্ছন্নতা ব্যবস্থার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। কর্মকর্তারা জানান, প্রয়োজনের তুলনায় ক্লিনারের সংখ্যা কম থাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে কিছুটা সমস্যা হচ্ছে।

এমপি ইলিয়াস মোল্লা রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান ও পরিবেশন ব্যবস্থার বিষয়েও খোঁজখবর নেন। রোগীরা নিয়মিত ও মানসম্মত খাবার পাচ্ছেন কি না, সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন।
এ ছাড়া হাসপাতালের ওষুধের মজুত ও সরবরাহ পরিস্থিতির খোঁজ নেন তিনি। বর্তমানে কী কী ওষুধ মজুত রয়েছে এবং রোগীদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে কি না, সে বিষয়েও সংশ্লিষ্টদের কাছে জানতে চান।
পরিদর্শন শেষে সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখা, বাথরুমের পরিবেশ উন্নত করা, রোগীদের জন্য মানসম্মত খাবার সরবরাহ এবং প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।




















