ট্রেন্ডিং :
সামান্য বৃষ্টিতেই ড্রেনের পানিতে সয়লাব ফরিদপুর ১৫নং ওয়ার্ড : অতিষ্ঠ জনজীবন
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৯:১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৫০ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডে সামান্য বৃষ্টি হলেই ড্রেনের উপচে পড়া নোংরা ও দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। আকাশ মেঘলা হলেই ড্রেনের বর্জ্য মিশ্রিত পানি সড়কে এবং বাসা বাড়ীর ভিতরে চলে আসায় ওই এলাকার সাধারণ মানুষের যাতায়াত এবং স্বাভাবিক জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার চরম গাফিলতি ও উদাসীনতার কারণেই ফরিদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড আজ নর্দমায় পরিণত হয়েছে। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত এই প্রতিষ্ঠানের নিয়মিত তদারকি ও জবাবদিহিতার অভাবে সামান্য বৃষ্টিতেই হাজার হাজার মানুষকে নরকযন্ত্রণার মুখোমুখি হতে হচ্ছে। ওয়ার্ডের ড্রেনগুলো দীর্ঘদিন ধরে পরিষ্কার বা সংস্কার করা হয়নি। পলিথিন ও ময়লা-আবর্জনা জমে ড্রেনগুলোর পানি নিষ্কাশন ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে বৃষ্টির পানি নামার সাথে সাথেই ড্রেন উপচে দূষিত পানি রাস্তায়, এমনকি কিছু কিছু ঘরবাড়ির আঙিনায় প্রবেশ করছে। এতে পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই দূষিত পানির কারণে এলাকায় পানিবাহিত রোগ ও মশার উপদ্রব আশঙ্কাজনক হারে বাড়ছে।
স্থানীয় বাসিন্দা শুভ বোষ জানায়, ১৫নং ওয়ার্ড এর ড্রেনের ব্যবস্থা অনেক খারাপ। অল্প বৃষ্টিতে আমাদের বাসার ভীতরে ড্রেনের পানি ডুকে যায় এবং বাসার সামনে দোকান ও বাসার ভাড়াটিয়াসহ আশেপাশের সবার জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।


ভুক্তভোগী এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বৃষ্টি হলেই ড্রেনের নোংরা পানি মাড়িয়ে আমাদের যাতায়াত করতে হয়। দুর্গন্ধের কারণে রাস্তায় হাঁটা যায় না। পৌরসভাকে ট্যাক্স দিয়েও আমরা ন্যূনতম নাগরিক সুবিধা পাচ্ছি না।”
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা পৌর কর্তৃপক্ষের দ্রুত ও স্থায়ী হস্তক্ষেপ কামনা করেছেন। পৌর কর্তৃপক্ষ জানায়, ড্রেনগুলো সচল ও পরিষ্কার করার জন্য দ্রুতই ক্রাশ প্রোগ্রাম হাতে নেওয়া হবে।




















